দেশে এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৮.৭১ শতাংশ। সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান আক্রমণকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রভাবেই মূল্যস্ফীতির এ ঊর্ধ্বগতি দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার (৬ মে) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৯.১৭ শতাংশ। সে হিসেবে বার্ষিক হিসাবে সামান্য হ্রাস পেলেও মাসভিত্তিক হিসাবে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, খাদ্যপণ্যে মূল্যস্ফীতি এপ্রিল মাসে বেড়ে ৮.৩৯ শতাংশ হয়েছে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ৯.৫৭ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে আগের মাসে এ হার ছিল ৯.০৯ শতাংশ।
তুলনামূলক হিসাবে, গত বছরের একই সময়ে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৮.৬৩ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯.৬১ শতাংশ।