Ridge Bangla

এপস্টেইনের সাম্রাজ্যে যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস প্রকাশের পর নতুন করে তোলপাড় শুরু হয়েছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের গড়ে তোলা অপরাধচক্র ও তার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নথিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

যুক্তরাষ্ট্রের আলোচিত “এপস্টেইন ফাইলস”-এর একটি বড় অংশ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির তত্ত্বাবধানে প্রস্তুত এই নথিতে রাজনীতি ও বিনোদন জগতের বহু প্রভাবশালী ব্যক্তির নাম ও ছবি উঠে এসেছে। আগে থেকেই তালিকায় ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, টেসলার মালিক ইলন মাস্ক এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এবার নতুন করে আলোচনায় এসেছে পপসম্রাট মাইকেল জ্যাকসন ও রক কিংবদন্তি মিক জ্যাগারের নামও।

প্রকাশিত নথি অনুযায়ী, জেফ্রি এপস্টেইন ও গিজলেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিভিন্ন ভ্রমণ ও সামাজিক অনুষ্ঠানে অনেক তারকা অংশ নিয়েছিলেন। সেখানে মাইকেল জ্যাকসনের কিছু ছবিও পাওয়া গেছে। একটিতে তাকে ডায়ানা রস ও বিল ক্লিনটনের সঙ্গে দেখা যায়, আর আরেকটিতে এপস্টেইনের পাম বিচের বাড়িতে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে নথিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, এসব ছবি বা তথ্য থেকে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।

২০১৬ সালের একটি জবানবন্দিতে এপস্টেইনের এক অভিযোগকারী জানান, তিনি এপস্টেইনের বাড়িতে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন, তবে জ্যাকসনের বিরুদ্ধে কোনো অনৈতিক বা বেআইনি আচরণের অভিযোগ ওঠেনি। একইভাবে, নথিতে রোলিং স্টোনস তারকা মিক জ্যাগারের একটি ছবি পাওয়া গেছে, যেখানে তিনি বিল ক্লিনটন ও এপস্টেইনের সঙ্গে ডিনারে উপস্থিত ছিলেন। তবে তার বিরুদ্ধেও কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ বা ইঙ্গিত পাওয়া যায়নি।

নতুন প্রকাশিত বিচার বিভাগের নথিতে বিনোদন জগতের বাইরেও কিছু রাজনীতিকের নাম এসেছে, যার মধ্যে বিল ক্লিনটন এবং অভিনেতা ক্রিস টাকারের নাম ও ছবি অন্তর্ভুক্ত। এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবার নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ছে। তবে মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, নথিতে নাম থাকা অনেকের বিরুদ্ধেই এখন পর্যন্ত কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি।

This post was viewed: 13

আরো পড়ুন