Skip to main content

Ridge Bangla

এক সপ্তাহে সৌদি থেকে বহিষ্কার ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী

সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত দেশব্যাপী অভিযানে এক সপ্তাহে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৩ হাজার ২৫১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও কয়েক হাজার ব্যক্তির বহিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে।

তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০ হাজার ৫০০ জনের বেশি ব্যক্তি আইনি ব্যবস্থার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে ৬ হাজার ১১৩ জনের দেশে ফেরার আনুষ্ঠানিক কার্যক্রম চলছে।

১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত সর্বশেষ অভিযানে বসবাসের অনুমতি, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৯৭০ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তরা। এরপর রয়েছে সীমান্ত নিরাপত্তা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তিরা।

এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৩৭ শতাংশ ইয়েমেনের নাগরিক এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় ৩৩ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় দেওয়া, চাকরি দেওয়া বা গোপন রাখার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধ সীমান্ত পারাপারে সহায়তা করলে কিংবা অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের ব্যবস্থা করলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তের শাস্তির মুখোমুখি হতে পারেন।

This post was viewed: 2

আরো পড়ুন