আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে চলতি বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, আগামী ৫ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এ ছাড়া দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবার এ সুবিধা পাবে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন।
তারেক রহমান আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। তিনি জানান, নারীদের জন্য অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ এবং ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি বলেন, কোনো ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সরকার এগিয়ে যেতে চায়। জনগণ পাশে থাকলে কোনো বাধাই সরকারকে থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।