আগামী এক বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিশুদের বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী। সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ, দক্ষ ও যোগ্য নতুন প্রজন্ম তৈরিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শিক্ষামন্ত্রী আরও জানান, কোনো শিক্ষার্থীকে ড্রেস ছাড়া রাখা হবে না। একই সঙ্গে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত ঘাটতি রয়েছে, সেগুলোও ধাপে ধাপে উন্নয়নের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে শিশুদের নেতৃত্বেই। এজন্য এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে আনন্দ, সৃজনশীলতা ও মূল্যবোধের সমন্বয় থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি আত্মনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে শিশুদের প্রস্তুত করার ওপরও গুরুত্ব দেন তিনি।