Ridge Bangla

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ জন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডারভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। এদিকে শিবচর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি জব্দ করেছে।

This post was viewed: 6

আরো পড়ুন