বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা সংগ্রাম, গণতন্ত্রের লড়াই ও জুলাই যুদ্ধ- সবকিছুই একুশের চেতনা থেকে উৎপন্ন হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘদিন পর আমরা মুক্ত বাংলাদেশে মুক্ত পরিবেশে শহিদদের স্মরণ করতে এসেছি। নিঃসন্দেহে একুশের চেতনাতেই আমাদের স্বাধীনতা এবং পরবর্তী সংগ্রাম, আমাদের গণতন্ত্রের লড়াই, জুলাই যুদ্ধ- সবকিছুই একুশের চেতনা থেকে উৎপত্তি হয়েছে।”
তিনি আরও বলেন, এই একুশ আমাদের জন্য নিঃসন্দেহে প্রেরণার উৎস। শহিদদের আত্মত্যাগ ও সাহস আমাদেরকে শিক্ষা দেয় যে, দেশের জন্য সংগ্রাম ও অগ্রগতি একুশের চেতনার মধ্য দিয়ে আরও শক্তিশালী হতে পারে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ যেমন অর্থনীতিকে সচল করা এবং রাজনীতিকে সংহত করা- এসব ক্ষেত্রে একুশের চেতনাকে ধারণ করেই আমরা সাফল্য অর্জন করতে পারব বলে আমি বিশ্বাস করি।
মির্জা ফখরুলের মতে, একুশের চেতনায় স্থির থাকা মানে শুধু অতীতকে স্মরণ করা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। শহিদদের স্মৃতিকে ধারণ করে দেশের অগ্রগতি, গণতন্ত্র ও স্বাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।