একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে বিষয়টি জানায় সংস্থাটি।
লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। ডিএসইর নোটিশে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
লেনদেন স্থগিতের কারণ হিসেবে ডিএসই জানিয়েছে, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’-এর ধারা ১৫ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে।
ডিএসই আরও জানায়, বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে নির্দেশ দিয়েছে, ব্যাংকগুলো এখন থেকে উল্লিখিত অধ্যাদেশ অনুসারে পরিচালিত হবে। একই সঙ্গে আরেকটি নির্দেশে পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।
এদিকে বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেন, “এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য বর্তমানে শূন্যের নিচে। ফলে তাদের শেয়ারের বাজারমূল্যও কার্যত শূন্য হিসেবে বিবেচিত হবে। কারও প্রতি ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই।”
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এই ব্যাংকগুলোকে একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠন করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন ব্যাংকের কাঠামো, ব্যবস্থাপনা এবং পরিচালনা পদ্ধতি নিয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কাজ শুরু করেছে।