গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া এক মা চিকিৎসা শেষে নবজাতকদের নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে তিনি নিজ বাড়িতে পৌঁছান।
টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের বাসিন্দা মাসুমা আক্তারের ঘরে একসঙ্গে পাঁচ নবজাতক আসায় পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। শিশুদের একনজর দেখতে প্রতিবেশীরা ভিড় করছেন তার বাড়িতে।
গত ৫ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যা ও দুই পুত্র সন্তানের জন্ম দেন মাসুমা। একসঙ্গে এতগুলো সন্তানের জন্ম বিরল হওয়ায় শুরুতে তাদের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল।
মাসুমার স্বামী কাজল মিয়া জানান, মা ও শিশুদের নিয়ে একসঙ্গে সুস্থভাবে বাড়ি ফেরাটা তাদের জন্য বড় স্বস্তি ও আনন্দের বিষয়। এটি তার জীবনের সবচেয়ে আনন্দের দিন বলেও উল্লেখ করেন তিনি।
হাসপাতালের চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম বলেন, এভাবে একাধিক সন্তানের জন্ম দেওয়া ঝুঁকিপূর্ণ হলেও যথাসময়ে চিকিৎসা পাওয়ায় বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছেন।