Skip to main content

Ridge Bangla

একসঙ্গে ৫০টির বেশি ড্রোন অচল করার দাবি, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন লকহিড মার্টিনের

শত্রুপক্ষের ড্রোনের ঝাঁক প্রতিহত করতে উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ প্রযুক্তিনির্ভর নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ‘মরফিয়াস এক্স-রোটর’ উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন। প্রতিষ্ঠানটির দাবি, একবারের মিশনেই ৫০টির বেশি ড্রোন অচল করতে সক্ষম এই ব্যবস্থা।

লকহিড মার্টিন জানায়, ক্ষেপণাস্ত্র বা লেজারভিত্তিক প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এটি কম ব্যয়ে একসঙ্গে অনেক ড্রোন মোকাবিলা করতে পারবে। পাশাপাশি এটি পুনর্ব্যবহারযোগ্য হওয়ায় পরিচালন ব্যয়ও কম হবে।

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ফার্নবরো আন্তর্জাতিক এয়ারশোতে নতুন প্রযুক্তিটি প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, মিশন শেষে মরফিয়াস এক্স-রোটর পুনরুদ্ধার করে আবারও ব্যবহার করা যাবে।

মরফিয়াস একটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা। এটি উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ তরঙ্গ ব্যবহার করে ড্রোনের ইলেকট্রনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান অচল করে দেয়।

প্রচলিত ক্ষেপণাস্ত্র বা লেজার প্রযুক্তিতে সাধারণত একবারে একটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। তবে এই উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ প্রযুক্তি একই সময়ে একাধিক ড্রোনের ইলেকট্রনিক ব্যবস্থা বিকল করতে পারে। ফলে ড্রোনের ঝাঁক বা ‘সোয়ার্ম’ হামলা প্রতিহত করার ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

লকহিড মার্টিন জানিয়েছে, মরফিয়াস সেন্সরনির্ভর নয় এবং বিদ্যমান কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সহজেই ব্যবহার করা যাবে। এ জন্য আলাদা কোনো ফায়ার-কন্ট্রোল রাডারেরও প্রয়োজন হবে না।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে পরীক্ষাধীন মরফিয়াস সিরিজের আগের সংস্করণগুলোর অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন এই ব্যবস্থা তৈরি করা হয়েছে।

লকহিড মার্টিনের মিসাইলস অ্যান্ড ফায়ার কন্ট্রোল অ্যাডভান্সড প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার র‌্যান্ডি ক্রাইটস বলেন, মরফিয়াস কাউন্টার-ড্রোন সক্ষমতায় নতুন মানদণ্ড স্থাপন করেছে। তার দাবি, পুনর্ব্যবহারযোগ্য উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ স্থাপত্যের মাধ্যমে এটি কম খরচে বিপুলসংখ্যক ড্রোন মোকাবিলার কার্যকর সমাধান দিতে সক্ষম।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া ও ওকলাহোমায় সাম্প্রতিক পরীক্ষায় মরফিয়াসের কার্যকারিতা প্রদর্শন করা হয়েছে। এসব পরীক্ষায় ড্রোন প্রতিহত করার সক্ষমতাও দেখানো হয়েছে বলে দাবি করেছে তারা।

বিশ্বজুড়ে সামরিক খাতে উচ্চক্ষমতার মাইক্রোওয়েভভিত্তিক ড্রোন প্রতিরোধ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রের আরেক প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ইপিরাস ইতোমধ্যে ‘লিওনিডাস’ নামে একটি উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ ব্যবস্থা তৈরি করেছে, যা ড্রোন ও বিভিন্ন ইলেকট্রনিক ব্যবস্থা অচল করতে সক্ষম। মার্কিন সেনাবাহিনীর সঙ্গে এর পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

এ ছাড়া বোয়িংয়ের ফ্যান্টম ওয়ার্কস, মার্কিন বিমানবাহিনীর গবেষণাগারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান একই ধরনের প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।

ড্রোন হামলার ঝুঁকি বাড়তে থাকায় ইসরায়েলসহ বিভিন্ন দেশ কাউন্টার-ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। যদিও ইসরায়েলের অধিকাংশ পরিচিত প্রকল্প লেজারভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে, তবু একসঙ্গে একাধিক ড্রোন অচল করার সক্ষমতার কারণে উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ প্রযুক্তিও ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

This post was viewed: 12

আরো পড়ুন