Ridge Bangla

একসঙ্গে দুই দায়িত্বে থাকার ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পরও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ড. খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, অতীতেও এমন নজির রয়েছে এবং আধুনিক প্রযুক্তির যুগে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালন করা সম্ভব।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনজিএ সভাপতির দায়িত্ব পালন করা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের দায়িত্ব পালনের পূর্ববর্তী উদাহরণ রয়েছে।

খলিলুর রহমান স্মরণ করিয়ে দেন, প্রায় ৪০ বছর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সে সময় তিনি একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।

খলিলুর রহমান জানান, তিনি তখন হুমায়ূন রশীদ চৌধুরীর একান্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন এবং বিষয়টি কাছ থেকে দেখেছেন।

তিনি বলেন, তখন ছিল ইন্টারনেট-পূর্ব সময়। বর্তমান যুগে প্রযুক্তিগত সুবিধার কারণে বিশ্বের যেকোনো স্থান থেকে একাধিক দায়িত্ব কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

এদিকে দেশে ফিরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন খলিলুর রহমান। বৈঠকে ইউএনজিএর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।

This post was viewed: 4

আরো পড়ুন