জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটি অনুমোদিত হয়।
৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্প জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
প্রকল্পের আওতায় পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। পাশাপাশি গড়াই-মধুমতি, হিসনা-মাথাভাঙ্গা, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম ধাপে নদী ড্রেজিং, স্পিলওয়ে, নেভিগেশন লক, ফিশ পাস ও ৩৬ দশমিক ৬ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এতে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলার মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।