Skip to main content

Ridge Bangla

একনেকে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পকে সরকারের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারেজসহ মোট ১৬টি প্রকল্প অনুমোদন পায়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, প্রকল্পটি পুরোপুরি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ সরাসরি উপকৃত হবে। নদীর পানিপ্রবাহ বৃদ্ধি, কৃষি উৎপাদন উন্নয়ন, নৌপথ সচল রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

১৯৬০-এর দশক থেকে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি উঠে আসছিল। বিশেষ করে ফারাক্কা বাঁধ নির্মাণের পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক নদী ও খাল বিলীন হয়ে পড়ে।

This post was viewed: 27

আরো পড়ুন