সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ লঙ্ঘনের অভিযোগে একজন সহকারী পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (এএসপি) মো. মাহমুদুল হাসান, র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস এবং ময়মনসিংহের সাবেক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আফজালুন নেছা।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মাহমুদুল হাসান ২০২৪ সালের ২৮ আগস্ট ১৫ দিনের ছুটি নিয়ে সৌদি আরবে যান। একই বছরের ১৩ সেপ্টেম্বর কর্মস্থলে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। বিভাগীয় তদন্তে দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
একইভাবে জুয়েল চাকমা ২০২৫ সালের ১০ এপ্রিল ৬ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যান। ১৫ এপ্রিল কর্মস্থলে যোগ দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর দায়িত্বে ফেরেননি। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধেও দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মিশু বিশ্বাস ২০২৪ সালের ১৬ অক্টোবর ‘আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া, ২০২৪’ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ১০ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৬ অক্টোবর ছুটি শেষে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফিরে আসেননি। তদন্তে তার বিরুদ্ধেও দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, ৩৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আফজালুন নেছা ২০১৭ সালে ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিলেও পরে মৌলিক প্রশিক্ষণে যোগ দেননি। পরবর্তীতে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে ফেরেননি। বিভাগীয় তদন্তে দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।