Ridge Bangla

এইবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে নিহত ৩৯৪ জন

চলতি বছরের ঈদযাত্রায় দেশে সড়ক, রেল ও নৌপথে ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৮ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা ২১ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদুল ফিতরের সময় মোট ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন নিহত ও ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত এবং ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

এ ছাড়া জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ঈদযাত্রার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২ হাজার ১৭৮ জন ভর্তি হয়েছেন।

সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেল দুর্ঘটনা এবারের ঈদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১১৪ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬ দশমিক ১২ শতাংশ এবং প্রাণহানীর ৩৮ দশমিক ৪৬ শতাংশ।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সড়ক চলাচলের নিয়ম অমান্য এবং দুর্ঘটনাপ্রবণ যানবাহনের কারণেই হতাহতের সংখ্যা বাড়ছে।

This post was viewed: 14

আরো পড়ুন