Ridge Bangla

এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে ভুল তথ্য, পরীক্ষার্থীদের দুশ্চিন্তা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কয়েক দিন আগে রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোডে ভুল তথ্য প্রদর্শনের ঘটনায় উদ্বেগে পড়েছেন অনেক পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবক। নীলফামারীর সৈয়দপুরসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, কিউআর কোড স্ক্যান করলে নিজেদের তথ্যের পরিবর্তে অন্য পরীক্ষার্থীর নাম, রোল বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাচ্ছে।

সৈয়দপুরের একটি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রাজিয়া সুলতানা জানান, গত বৃহস্পতিবার কলেজ থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার পর বাড়িতে গিয়ে তিনি কিউআর কোড পরীক্ষা করেন। তাঁর ভাষ্য, প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করা যাচ্ছিল না। আর রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করলে অন্য এক শিক্ষার্থীর নাম ও রেজিস্ট্রেশন নম্বর দেখা যায়। অথচ কার্ডে তাঁর নিজের নাম, ছবি ও রেজিস্ট্রেশন নম্বরই ছাপা রয়েছে। পরীক্ষা সামনে থাকায় বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে উদ্বিগ্ন বলে জানান।

রাজিয়ার মতো সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। পরীক্ষা শুরুর প্রাক্কালে এমন প্রযুক্তিগত ত্রুটিতে অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হচ্ছে। তবে কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, শিক্ষা বোর্ডের অনলাইন পোর্টাল থেকে সরবরাহ করা রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করলে নিজেদের পরিবর্তে অন্য শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের আশঙ্কা, এই তথ্যগত অসংগতি পরীক্ষার সময় পরিচয় যাচাই, ফল প্রকাশ কিংবা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জটিলতা সৃষ্টি করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এক পরীক্ষার্থী জানান, কৌতূহলবশত রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করে তিনি অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর তথ্য দেখতে পান।

অভিভাবক সাইফুল ইসলাম বলেন, তাঁর মেয়ের রেজিস্ট্রেশন কার্ডের কিউআর কোড স্ক্যান করেও অন্য এক ছাত্রীর তথ্য পাওয়া গেছে। এতে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এ বিষয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দীন বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিষয়টি জানার পর শিক্ষা বোর্ড দ্রুত পদক্ষেপ নিয়েছে। তাঁর দাবি, কিউআর কোডের তথ্যগত ত্রুটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। যাঁদের কার্ডে এখনো ভুল তথ্য দেখা যাচ্ছে, তাঁদের নতুন করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন তিনি।

This post was viewed: 2

আরো পড়ুন