Skip to main content

Ridge Bangla

এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

ফেসবুক পোস্টে মাহদী আমিন জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আবহাওয়ার উন্নতির পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণের মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট জটিলতা মোকাবিলায় সরকার শিক্ষার্থীবান্ধব কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের নেওয়া উদ্যোগগুলো হলো-

১। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে অধিকাংশ শিক্ষার্থীর স্বার্থ বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া সারা দেশে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২। কোথাও যাতায়াতের সমস্যা বা জলাবদ্ধতার কারণে পরীক্ষায় বিঘ্ন ঘটলে প্রয়োজন অনুযায়ী কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত অথবা পরীক্ষার সময় বাড়ানোসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

৩। প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

৪। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে থাকা ২টি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

৫। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পোস্টের শেষাংশে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি কেবল একটি পরীক্ষা নয়, বরং আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ কারণে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করাকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

This post was viewed: 8

আরো পড়ুন