মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়ক চ্যাটবটের একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে বারাক ওবামার হোয়াইট হাউস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ কয়েকটি আলোচিত প্রোফাইলে প্রবেশ করেছে হ্যাকাররা। বিষয়টি গবেষকদের মাধ্যমে সামনে আসার পর মেটা জানিয়েছে, ত্রুটিটি সংশোধন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা জোরদারে কাজ চলছে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষার ক্ষেত্রে এআইনির্ভর ব্যবস্থার কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউস ইনস্টাগ্রাম পেজ, সৌন্দর্যপণ্য প্রতিষ্ঠান সেফোরার অ্যাকাউন্ট এবং যুক্তরাষ্ট্র স্পেস ফোর্সের চিফ মাস্টার সার্জেন্ট জন বেনটিভেনিয়ার প্রোফাইল। একই ধরনের ঘটনার অভিযোগ গত সপ্তাহে বিভিন্ন ব্যবহারকারী রেডিট ও এক্সেও করেছেন।
নিরাপত্তা গবেষক এবং কয়েকটি হ্যাকিং গোষ্ঠী টেলিগ্রামে প্রকাশিত ভিডিও ও স্ক্রিনশটে দেখিয়েছে, কীভাবে এই দুর্বলতাকে ব্যবহার করে অন্যের অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন হ্যাকার মেটার এআই সহকারীকে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে নতুন ইমেইল ঠিকানা যুক্ত করার নির্দেশ দেয়। এরপর চ্যাটবটটি ওই ইমেইলে পাঠানো যাচাইকরণ কোড চ্যাটে দিতে বলে। কোডটি প্রদান করার পর অ্যাকাউন্টটির পাসওয়ার্ড পুনর্নির্ধারণের সুযোগ পাওয়া যায়।
আরেকটি অংশে দেখা যায়, নিরাপত্তা ব্যবস্থা এড়াতে হ্যাকার একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে ভুক্তভোগীর অবস্থান অনুকরণ করেছে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মেটা জানায়, সমস্যাটি ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং আক্রান্ত অ্যাকাউন্টগুলো সুরক্ষিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কতগুলো অ্যাকাউন্ট এ ঘটনার শিকার হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো সংখ্যা প্রকাশ করেনি।
চলতি বছরের শুরুতে ফেসবুক ও ইনস্টাগ্রামে এআইভিত্তিক সহায়ক ব্যবস্থা চালু করে মেটা। সে সময় প্রতিষ্ঠানটি বলেছিল, এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন অনুরোধ ও কাজ সরাসরি ফেসবুক এবং পরবর্তীতে ইনস্টাগ্রামের মধ্যেই সম্পন্ন করতে পারবেন।