মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রেজাউল করিম (৫২) ওরফে লাভলু নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঋণের চাপ, আর্থিক সংকট ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকালে উপজেলার অন্বয়পুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রেজাউল করিম শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি উপজেলার অন্বয়পুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় রেজাউল করিমকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের দাবি, বিভিন্ন মামলা-মোকদ্দমা, ঋণের চাপ এবং আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রেজাউল করিম। এছাড়া স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেওয়া ঋণের বোঝাও তার ওপর ছিল।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী শারীরিক অসুস্থতা, মানসিক সমস্যা এবং ঋণের চাপের মধ্যে ছিলেন ওই ইউপি সদস্য। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।