বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে গবেষণা ও উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, কৃষি, জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।
বৈঠক শেষে উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন।