Skip to main content

Ridge Bangla

উত্তর কোরিয়ায় শি জিনপিংকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তাঁর সফরসঙ্গীরা উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। তাঁদের বহনকারী উড়োজাহাজটি সোমবার (৮ জুন) সকালে দেশটিতে অবতরণ করে।

শি জিনপিংয়ের আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তাঁর স্ত্রী রি সোল জু। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রকাশিত ফুটেজে তাঁদের হাততালি দিতে ও হাসিমুখে দেখা যায়।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অতিথিদের স্বাগত জানাতে লাল গালিচা বিছানো হয়। এর দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন উত্তর কোরিয়ার সেনারা। তবে সিসিটিভির ওই ফুটেজে শি জিনপিং ও তাঁর সফরসঙ্গীদের দেখা যায়নি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং ও কিম জং উন পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এ সময় উত্তর কোরিয়ার শিশুরা শি জিনপিং ও তাঁর স্ত্রী পেং লিউয়ানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, শি জিনপিং ও পেং লিউয়ান গাড়িতে করে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে পৌঁছান। সেখানে আগে থেকেই সামরিক ব্যান্ড ও বিপুলসংখ্যক মানুষ তাঁদের স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সেখানে চীনা প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কিম জং উন ও রি সোল জু। অনুষ্ঠানস্থলে থাকা ব্যানারে লেখা ছিল, ‘উত্তর কোরিয়া ও চীনের চিরস্থায়ী বন্ধুত্ব’ এবং ‘উত্তর কোরিয়া ও চীনের অটুট বন্ধুত্ব ও ঐক্য দীর্ঘজীবী হোক’।

এরপর কোরিয়ান পিপলস আর্মির গার্ড অব অনার পরিদর্শন করেন শি জিনপিং। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এই আনুষ্ঠানিক ইউনিটের সদস্যরা কোরিয়ান ভাষায় স্লোগান দেন, ‘কমরেড শি জিনপিংয়ের সুস্বাস্থ্য কামনা করছি’।

সিনহুয়ার প্রকাশিত ফুটেজে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মানুষের ব্যাপক উৎসাহ দেখা যায়। শিশুদের আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এ সময় উপস্থিত জনতা চীন ও উত্তর কোরিয়ার পতাকা এবং ফুলের তোড়া নাড়িয়ে অতিথিদের স্বাগত জানান।

This post was viewed: 19

আরো পড়ুন