Ridge Bangla

উড্ডয়নরত বিমান থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন আর্জেন্টাইন প্রশিক্ষক, শিক্ষানবিসের দক্ষতায় নিরাপদে অবতরণ

আর্জেন্টিনার মধ্যাঞ্চলের টলেডো শহরে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে উড্ডয়নরত একটি ছোট বিমান থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন ৪২ বছর বয়সী ফ্লাইট ইনস্ট্রাক্টর লিয়ান্দ্রো আন্দ্রেস বের্তাজ্জো। তবে বিমানে থাকা তার ২২ বছর বয়সী শিক্ষানবিস পাইলট অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়ে একাই বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন। এ তথ্য জানিয়েছে সিএনএন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার প্রসিকিউটরের দপ্তর গত মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে জানায়, ঘটনাটি ঘটে গত শনিবার (৪ জুলাই)।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেসনা ১৫০ মডেলের ছোট বিমানটিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন ২২ বছর বয়সী রোজারিও নামের এক তরুণী। তার ভাষ্য, আকাশে ওড়ার সময় হঠাৎ প্রশিক্ষক তাকে বলেন, ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, বিমান চালিয়ে যাও।’ এরপর তিনি নিজের হেডসেট ও সিটবেল্ট খুলে বিমানের দরজা খুলে বাইরে ঝাঁপ দেন।

হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় শিক্ষানবিস পাইলট প্রথমে হতবাক হয়ে পড়লেও পরে নিজেকে সামলে নেন। কঠিন মানসিক পরিস্থিতির মধ্যেও তিনি বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

ফ্লাইট স্কুল ফ্লাইং প্যারট কর্ডোবার পরিচালক এদুয়ার্দো আলভারেজ জানিয়েছেন, বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বের্তাজ্জোর এমন সিদ্ধান্তের কোনো পূর্বাভাস ছিল না। ঘটনার দিন সকালেও তিনি আরেকজন শিক্ষানবিসকে নিয়ে স্বাভাবিকভাবেই একটি প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করেছিলেন।

আলভারেজের ভাষ্য, ‘বিমানের ভেতরে থাকা অবস্থায় তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন। মানুষের মন কতটা জটিল হতে পারে, তা ভাবলে বা বোঝা অসম্ভব।’

তিনি আরও জানান, উড্ডয়নরত অবস্থায় বিমানের দরজা খোলা অত্যন্ত কঠিন। বিষয়টিকে তিনি ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে চলন্ত একটি গাড়ির দরজা খোলার চেষ্টার সঙ্গে তুলনা করেন।

This post was viewed: 1

আরো পড়ুন