Ridge Bangla

উচ্চবর্ণের কিশোরীর সঙ্গে বন্ধুত্বের জেরে ভারতে দলিত তরুণকে হত্যার অভিযোগ

ভারতের উত্তরাখণ্ডের টিহরি গাড়ওয়াল জেলায় উচ্চবর্ণের এক নাবালিকার সঙ্গে বন্ধুত্বের কারণে ১৮ বছর বয়সী এক দলিত তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক বন্ধু। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

নিহত তরুণের নাম কেতন লাল। তিনি টিহরি গাড়ওয়ালের দেবাল গ্রামের বাসিন্দা ছিলেন। হামলায় আহত তাঁর বন্ধু দিবাকর ডিমরিকে বউরাড়ির জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেতনের বাবা ধনপাল লালের করা অভিযোগ অনুযায়ী, গত রোববার রাতে প্রতাপনগর ব্লকের খোলগড় গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, খোলগড় গ্রামের এক নাবালিকার সঙ্গে প্রায় ছয় মাস ধরে কেতনের বন্ধুত্ব ছিল। গত রোববার রাত প্রায় ১১টার দিকে ওই কিশোরী ফোন করে কেতনকে তাঁর গ্রামে যেতে বলেন। এরপর বন্ধু দিবাকর ডিমরিকে সঙ্গে নিয়ে সেখানে যান কেতন।

পুলিশ জানায়, খোলগড় গ্রামে পৌঁছানোর পর মেয়েটির পরিবারের সদস্যরা দুই বন্ধুকে একটি ঘরে আটকে রাখে। পরে তাঁদের লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।

পরদিন সোমবার সকালে মেয়েটির বাবা ধনপাল লালকে ফোন করে কেতনের গুরুতর অবস্থার কথা জানান এবং তাঁকে নিয়ে যেতে বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ধনপাল লাল। পরে চৌন্দ লামগাঁও কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হলে চিকিৎসক কেতনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ তৈরি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত শুরুতে মরদেহ গ্রহণেও অস্বীকৃতি জানান তাঁরা।

টিহরি গাড়ওয়ালের সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে জানিয়েছেন, এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। পাশাপাশি তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারা ৩(২)(৫) অনুযায়ীও মামলা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যশবীর সিং পানওয়ার নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।

This post was viewed: 7

আরো পড়ুন