পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম ইয়াসিন আলী।
শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন ইয়াসিন আলী। পথে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ইয়াসিন আলী পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বিদেশি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।