পাবনার ঈশ্বরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীরু মোল্লা (৬৫) নামে এক স্থানীয় বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত বীরু মোল্লা লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী ও আপন চাচাতো ভাই জহুরুল মোল্লা এবং তার ছেলে আল আমিনের সঙ্গে বীরু মোল্লার ইটভাটার মাটি কাটা নিয়ে বিরোধ চলছিল।
গতকাল মঙ্গলবার রাতে জহুরুল মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে মাটি কেটে নিলে বুধবার সকালে তিনি বিষয়টি নিয়ে কথা বলতে যান। একপর্যায়ে বাগ্বিতণ্ডা শুরু হলে জহুরুল ও তার ছেলে তাকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
বিএনপি নেতা-কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। নিহতের রাজনৈতিক পরিচয় থাকলেও এই হত্যাকাণ্ডটি মূলত পারিবারিক ও জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে ঘটেছে বলে জানিয়েছেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন।