Skip to main content

Ridge Bangla

ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যানজট ছাড়াই চলাচল স্বাভাবিক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার (১২ জুন) যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।

দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ, কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোলচত্বর এবং এম.এ মতিন বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা যায়। যাত্রীরা নির্বিঘ্নে বাসে উঠে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন। অনেকে আগেভাগে ফিরছেন যাতে শেষ মুহূর্তে অতিরিক্ত ভিড় কিংবা ভোগান্তির মুখে না পড়তে হয়।

যাত্রীদের ভাষ্য, ঈদের ছুটি আনুষ্ঠানিকভাবে শেষ হতে এখনো দু’দিন বাকি রয়েছে। তবে শুক্রবার (১৩ জুন) ও শনিবার (১৪ জুন) থেকে রাজধানীমুখী যাত্রীর চাপ অনেক বেড়ে যাবে বলে ধারণা করছেন তারা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “আগামী রবিবার (১৫ জুন) থেকে অফিস খুলবে। তাই আগামী তিন দিনে মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। আমরা আগেই প্রস্তুতি নিয়েছি, যাতে যানজট না হয়।”

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, এখনো ঈদের পরবর্তী যাত্রার চাপ পুরোপুরি শুরু হয়নি। ১১ জুন যমুনা সেতু দিয়ে পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৩,২৮৬টি, যার টোল আদায় হয়েছে প্রায় ৯৯ লাখ টাকা। একই দিনে পশ্চিমমুখী যানবাহন ছিল ১৮,৭১২টি, যার টোল আদায় হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা, টোল আদায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

This post was viewed: 63

আরো পড়ুন