Ridge Bangla

ঈদে বড়পর্দায় পরীমনির ‘ডোডোর গল্প’

দীর্ঘ দুই বছরের বিরতির পর বড়পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। মাতৃত্ব ও পারিবারিক জীবনে ব্যস্ততার কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার সেই বিরতি ভাঙছেন ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে। ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে বলে জানিয়েছেন সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।

তিনি বলেন, “ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) সম্পন্ন হয়েছে। এখন কেবল বাকি কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ, সব শেষ করে আমরা রোজার ঈদে ছবিটি মুক্তি দেব।”

‘ডোডোর গল্প’-এর শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। চলতি বছরের শুরুতে পরীমনি এক ভিডিওবার্তায় জানিয়েছিলেন, দীর্ঘ এক বছর চার মাস ২৩ দিন পর শুটিং শেষ করেছেন। সিনেমায় পরীমনি কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’-র ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন।

পরীমনি বলেন, “মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমে ক্যামেরার সামনে ফিরে আসা আমার জন্য বিশেষ মুহূর্ত। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি দর্শকরা ছবিটি ভালোবাসবেন।”

ছবিটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনি নিজেই লিখেছেন কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। নির্মাতার ভাষ্য অনুযায়ী, “একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কাজল চৌধুরীর জীবনের প্রায় বিশ বছরের জার্নি উঠে এসেছে গল্পে।”

ছবিটি ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছে। এতে ৮৭ জন শিল্পী অংশ নিয়েছেন এবং শুটিং হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে।

প্রযোজক নাজমুল হক ভূঁইয়া বলেন, “এটি একটি আত্মনির্ভরশীল মায়ের দুই দশকের সংগ্রামের গল্প, যেখানে সে হারানো সন্তানকে ফিরে পায়। আমরা বিশ্বাস করি, দর্শকের হৃদয়ে ছবিটি জায়গা করে নেবে।”

This post was viewed: 63

আরো পড়ুন