পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র্যাব। চুরি-ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদের জামাত ঘিরে এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতার অংশ হিসেবে ঈদের দিন জামাত চলাকালীন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, ঈদের সময় বাসাবাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি ও ছিনতাইয়ের ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা-সিলেট মহাসড়ক এবং রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় কিংবা জ্বালানি বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন র্যাব কর্মকর্তা।
র্যাব জানায়, সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।