পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি ও ডিমের দামে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমলেও মাছের বাজারে এখনো উচ্চমূল্য বজায় রয়েছে। শুক্রবার (২২ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল প্রায় ১৯৫ টাকা। একইভাবে সোনালি মুরগির দামও কিছুটা কমে প্রতি কেজি ৩৩০ টাকায় নেমেছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।
রায়েরবাজারের ক্রেতা রমিজ উদ্দিন বলেন, আগে যেখানে ব্রয়লার কিনতে ২০০ টাকা লাগত, এখন ১৭৫ টাকায় পাওয়া যাচ্ছে। এতে কিছুটা স্বস্তি মিলেছে।
অন্যদিকে মাছের বাজারে এখনো দাম চড়া। পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা এবং রুই মাছ ২৪০ থেকে ৩৫০ টাকা কেজিতে।
দেশি মাছের মধ্যে টেংরা ৬০০, বাইন ৮০০ ও চিংড়ি ৯০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ইলিশের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায়।