পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এ প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা সাত দিনের অবকাশের সুযোগ তৈরি হয়েছে। সরকার বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও জনদুর্ভোগ কমাতেই এই দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি অফিস খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি সেবাখাত এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা চালু থাকবে। এছাড়া চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পরিবহনকারী যানবাহনও চলাচল করবে।