ঈদযাত্রায় যানজট কমাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুরগামী ফ্লাইওভার লেন চালু করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত এ লেন চালুর ফলে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি কমতে শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটিকুমরুল গোলচত্বর দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করে। ঈদ মৌসুমে এ সড়কে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। বিশেষ করে যমুনা সেতুর পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হতো। এ পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন ফ্লাইওভার লেনটি চালু করা হয়।
দূরপাল্লার বাসচালক ও যাত্রীরা জানান, হাটিকুমরুল মোড় দীর্ঘদিন ধরে যানজটের জন্য দুর্ভোগের প্রতীক ছিল। নতুন লেন চালুর ফলে এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে তারা আশা করছেন।
সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক সরফরাজ হোসাইন জানান, উত্তরবঙ্গগামী প্রায় ৬০ শতাংশ যানবাহন এখন নতুন লেন ব্যবহার করছে। প্রায় ৭৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।