পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে বুধবার (১৩ মে) থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিনে ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় ধাপে ধাপে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামী ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য হবে না।
এদিকে, যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির কোচের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
রেলওয়ে জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সময়সূচি পরে ঘোষণা করা হবে।