কোরবানির ঈদ সামনে রেখে জাল টাকা ছাপিয়ে বাজারে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, প্রথমে উত্তরায় অভিযান চালিয়ে মুজিবুর রহমান নামে এক সদস্যকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীতে আরেকটি অভিযানে বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুলাল ও মামুন নামে আরও দুজনকে আটক করা হয়।
ডিবির দাবি অনুযায়ী, চক্রটি ঈদ উপলক্ষে বিভিন্ন পশুর হাটে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ইতোমধ্যে বিপুল পরিমাণ জাল টাকা তারা বাজারে ছড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে জাল নোট থেকে প্রতারিত হওয়া রোধে পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি লেনদেনের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।