বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টের নকশায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করতে নতুন ই-পাসপোর্টের পাতায় জলছাপ হিসেবে শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি সংযুক্ত করা হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের ডাটা পেজে পুনরায় যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত।
রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ই-পাসপোর্টের বর্তমান বুকলেটের নকশা ও জলছাপ পুনর্বিন্যাস করা হচ্ছে। নতুন নকশা অনুযায়ী পাসপোর্টের ৩১ ও ৩২ নম্বর পাতায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তের প্রতিফলন থাকবে। আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।
নতুন নকশায় জুলাই গণ-অভ্যুত্থানের পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন অনুষঙ্গও স্থান পেয়েছে। জলছাপ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টের ছবি ব্যবহার করা হবে। এছাড়া লালবাগ দুর্গ, কান্তজিউ মন্দির, পানামনগর ও কার্জন হলের ছবিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রাকৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকত, ঝাউবন, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর এবং নীলগিরির ছবি রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় ফুল, জাতীয় মাছ, জাতীয় পাখি ও জাতীয় ফলের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় স্থান পেয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের বিধানই বহাল থাকবে। অর্থাৎ, বাংলাদেশি পাসপোর্ট ‘ইসরায়েল ব্যতীত’ বিশ্বের সব দেশের জন্য ভ্রমণ-উপযোগী হিসেবে উল্লেখ থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, মোহাম্মদ ওয়াসিমসহ বহু মানুষ প্রাণ হারান। সরকারের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং তাদের অবদানকে জাতীয় নথিতে স্বীকৃতি দিতেই ই-পাসপোর্টের নকশায় এ পরিবর্তন আনা হচ্ছে।