আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি যাচাইয়ের জন্য ১৫ কার্যদিবসের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর প্রাথমিকভাবে ৭৩টি স্থানীয় সংস্থার তালিকা প্রকাশ করেছিল কমিশন। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে ৬৬টি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়। ইসি জানিয়েছে, ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। নতুন নীতিমালা অনুযায়ী যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করা হয়। সংস্থাগুলোকে EO-1 ফরমে আবেদন জমা দিতে বলা হয়, যা ইসি সচিবালয়ের জনসংযোগ শাখা বা ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে পাওয়া যায়।
ইসি জানায়, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এ বছর পর্যবেক্ষকদের প্রশিক্ষণ ও অনুমোদন প্রক্রিয়া আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু হয়। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং প্রায় এক লাখ ৬০ হাজার পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং সর্বশেষ দ্বাদশ নির্বাচনে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।