যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এক মার্কিন নারী বাস্কেটবল খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় আলোচনায় এসেছে। ইরানের একটি ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের পর দেশটির এক নাগরিককে বিয়ে করেছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নারী বাস্কেটবল দল এস্তেগলালের হয়ে খেলতে যাওয়া মার্কিন খেলোয়াড় চেয়া রেল-হুইটসিট ইসলাম গ্রহণের পর এক ইরানি যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মিশিগানের ২৮ বছর বয়সী ফরোয়ার্ড রেল-হুইটসিট সোমবার (৮ জুন) এস্তেগলালের নারী দলগুলোর মৌসুম শেষের অনুষ্ঠানে নিজের বিয়ের বিষয়টি জানান। বিয়ের আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও উল্লেখ করা হয়েছে।
ইরানে নারী বাস্কেটবল কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পর বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির অংশ হিসেবে ২০২৫ সালে তেহরানভিত্তিক ক্লাব এস্তেগলালের সঙ্গে চুক্তি করেন রেল-হুইটসিট। প্রতিযোগিতায় ফেরার প্রথম মৌসুমেই ইরানের নারী বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দলটি।
ইরানে যাওয়ার আগে আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, কসোভো ও পুয়ের্তো রিকোতে পেশাদার বাস্কেটবল খেলেছেন রেল-হুইটসিট। টেক্সাস এঅ্যান্ডএমের সাবেক এই খেলোয়াড় গত বছর এস্তেগলালের হয়ে খেলতে ইরানে যান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার মধ্যেই তাঁর জীবনের এই পরিবর্তন সামনে এলো। ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সংঘাতের সময়ও তিনি ইরানেই অবস্থান করছিলেন।