Ridge Bangla

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

জনস্বার্থ, আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ এবং ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকের আইনের ৪৭(৩) ধারা মোতাবেক পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে নিযুক্ত করা হয়েছে।

তবে পরিচালনা পর্ষদ বাতিলের সুনির্দিষ্ট কারণ বা এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের এই বিশেষ পদক্ষেপের ফলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় নিয়ন্ত্রক সংস্থার সরাসরি তদারকি এখন আরও জোরালো হলো।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করলে ওই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু তাঁকে নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। তখন থেকেই নবনিযুক্ত চেয়ারম্যানের অপসারণসহ সাত দফা দাবি নিয়ে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকটির গ্রাহকদের একাংশ আন্দোলন শুরু করে। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়।

This post was viewed: 5

আরো পড়ুন