মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রায় ৬,৫০০ টন যুদ্ধ সরঞ্জাম ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে।
দ্য টাইমস অব ইসরায়েল জানায়, দুটি কার্গো জাহাজ ও কয়েকটি সামরিক পরিবহন বিমানের মাধ্যমে এসব সরঞ্জাম পাঠানো হয়। জাহাজ দুটি ইসরায়েলের হাইফা ও আশদোদ বন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে ট্রাকে করে বিভিন্ন সামরিক ঘাঁটিতে সরঞ্জামগুলো স্থানান্তর করা হয়।
চালানে ছিল হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, হালকা সাঁজোয়া যান (জেএলটিভি) এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানিয়েছেন, আগামী দিনগুলোতে এ ধরনের সরবরাহ কার্যক্রম আরও জোরদার করা হবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাত পরিস্থিতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪০৩টি ফ্লাইট ও ১০টি জাহাজের মাধ্যমে মোট ১ লাখ ১৫ হাজার ৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে।