ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে গত কয়েক দিন ধরে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে এমন অবস্থান তুলে ধরলেন তিনি।
শনিবার (১১ জুন) দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান এ কথা বলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মতে, নির্বাচনের আগে রাজনৈতিক সুবিধা পেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি উত্তপ্ত বক্তব্য দিয়ে থাকেন। তবে নেতানিয়াহুর এমন বক্তব্যের ফাঁদে তুরস্ক পা দেবে না বলে জানিয়েছেন তিনি।
হাকান ফিদান বলেন, “আমি মনে করি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ আছে। আমি আগেই বলে আসছি, যখনই নির্বাচনের সময় ঘনিয়ে আসে আমি যখনই ইসরায়েলি সরকারি ও বিরোধী রাজনীতিকদের থেকে এ ধরনের হুমকিমূলক কথা শুনে থাকি। যদিও সব বিরোধী রাজনীতিকরা এমন কথা বলেন না। আল্লাহকে ধন্যবাদ ইসরায়েলে এখনো কিছু বোধসম্পন্ন ও বুদ্ধিমান মানুষ আছে।”
তিনি আরও বলেন, “তাদের সবাই নেতানিয়াহু ও তার কিছু লোকের মতো নয়। কিন্তু নেতানিয়াহু ও তার কাছের মানুষদের নির্বাচন ঘনিয়ে আসলে শত্রুর প্রয়োজন হয়। তারা হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এখন তাদের আরেকটি শত্রু দরকার। আর অনেক ইসরায়েলি রাজনীতিবিদের জন্য নতুন শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক।”