ইসরায়েলের একটি রাসায়নিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। নিজেদের পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের বন্দর নগরী হাইফার একটি রাসায়নিক প্ল্যান্ট লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। সোমবার (৮ জুন) থেকে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলা আবারও তীব্র আকার ধারণ করেছে।
এর আগে সকালে ইসরায়েল ইরানের খুজেস্তানের একটি পেট্রোক্যামিকেল প্ল্যান্টে হামলা চালায়। এরপর পাল্টা হামলার কথা জানায় তেহরান। একই সঙ্গে এই পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেছে ইরান।
ইসলামিক বিপ্লবী গার্ড সতর্ক করে জানিয়েছে, ইসরায়েল যদি আবারও বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে।
এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “বেসামরিক লক্ষ্যবস্তু এবং তেল শিল্পে আঘাত হেনে ইহুদিবাদী শত্রু (ইসরায়েল) একটা বিপজ্জনক খেলা শুরু করেছে। এই খেলার আগুন পুরো অঞ্চলের সমস্ত জ্বালানি খাতের ওপর গিয়ে পড়বে। আর বিশ্ব অর্থনীতির ওপর এর যে মারাত্মক পরিণতি নেমে আসবে, তার পুরো দায় এই খাতের আসল উস্কানিদাতা যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।”