Skip to main content

Ridge Bangla

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরুর ঘোষণা ইরানের

ইসরায়েলি হামলার জবাবে ‘অপারেশন নাসর’ নামে নতুন অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স। অভিযানের আওতায় ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তেহরান।

সোমবার (৮ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন নাসরের’ অংশ হিসেবে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের সদস্যরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুই বিমানঘাঁটি নেভাতিম ও তেল নফের প্রধান কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ১২ দিনের যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে অভিযানটি শুরু করা হয়।

ইরানের রাডার স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

এক বিবৃতিতে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বলেছে, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা রেখে তাদের অ্যারোস্পেস ফোর্স নেভাতিম ও তেল নফের কৌশলগত বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।

বিবৃতিতে কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়, যারা আক্রান্ত হয়েছে, তাদের অস্ত্র হাতে তুলে নেওয়ার অধিকার রয়েছে। কারণ তাদের ওপর অন্যায় করা হয়েছে এবং আল্লাহ তাদের সাহায্য করবেন।

ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আরও জানিয়েছে, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে তাদের সব যোদ্ধা ও অভিযানিক দল প্রস্তুত রয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন