ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। রোববার (৭ জুন) রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর এ দাবি করল বাহিনীটি।
সোমবার (৮ জুন) এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “কয়েক মিনিট আগে ইসরায়েলের নেভাতিম ও তেল নফ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।”
বাহিনীটির দাবি, ইরানের তিনটি অঞ্চলের কয়েকটি রাডার স্থাপনায় ইসরায়েলের হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে।
এর আগে রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
এরপর সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
পরে পাল্টা জবাবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়।
এরপর কয়েক দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। অন্যদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে স্থাপনাটির আংশিক ক্ষতি হয়েছে। এর আগে গত এপ্রিলেও একই পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।