ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তার দাবি, ট্রাম্প প্রশাসনের নীতির ফলে দেশটির স্থিতিশীলতা ও সম্পদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি লেখেন, “ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।”
তিনি অভিযোগ করেন, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, জ্বালানি মজুত কমেছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, ভোক্তা পণ্যের দাম বেড়েছে এবং দেশের ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।
ম্যাসি আরও লেখেন, “এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে; সবই ইসরায়েলের জন্য। সব দোষ ওদের।”
রিপাবলিকান দলের এই আইনপ্রণেতার মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগেও তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং বিদেশে ব্যয় বৃদ্ধির বিষয়ে সমালোচনামূলক অবস্থান নিয়েছিলেন।
তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।