Skip to main content

Ridge Bangla

ইরান বিশ্বের শয়তানদের নতজানু করেছে: মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ‘গর্বিত ও বিজয়ী ইরানি জাতি বিশ্বের শয়তানদের নতজানু করেছে এবং তাদের আধিপত্য চূর্ণবিচূর্ণ করে দিয়েছে’। কয়েক মাসের সংঘাতের পর স্থায়ী শান্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই লেখেন, ‘এই মহাকাব্য ইতিহাসে চিরকাল অক্ষয় হয়ে থাকবে।’ একই পোস্টে তিনি আরও বলেন, ইরান ‘আমাদের শহীদ নেতার রক্তের জন্য শোকাহত এবং এই ক্ষতের জন্য প্রতিশোধ ছাড়া আর কোনো প্রলেপ নেই’।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত হন।

পরমাণু ইস্যুতে পরোক্ষ আলোচনা চলার মধ্যেই ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর জবাবে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। প্রায় ৫ সপ্তাহ পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে একই সময়ে লেবাননে সংঘাত চলতে থাকে। ইসরাইলের ব্যাপক বিমান হামলায় সেখানে ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন। এরপর ১১ এপ্রিল পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিরল সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো অগ্রগতি ছাড়াই তা শেষ হয়। পরে ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় ওয়াশিংটন।

১৪ এপ্রিল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো কূটনৈতিক আলোচনা শুরু করে লেবানন ও ইসরাইল। এরপর ১৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে হিজবুল্লাহ আলোচনায় যুক্ত না থাকায় অল্প সময়ের মধ্যেই আবার সংঘর্ষ শুরু হয়।

২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ান। একই সময়ে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকে। পরে ৭ জুন বৈরুতে ইসরাইলি বোমা হামলার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। পরদিন মধ্য ও পশ্চিম ইরানে বিমান হামলা চালায় ইসরাইল।

৯ জুন হরমুজ প্রণালিতে একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। এরপরও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে।

১৪ জুন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণা দেন ট্রাম্প। পরে বুধবার ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

This post was viewed: 35

আরো পড়ুন