Skip to main content

Ridge Bangla

ইরান থেকে নিজ দেশে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের

ইরান-ইসরায়েল উত্তেজনাপূর্ণ যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারত ইরান থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (১৭ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

তেহরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের অবস্থান ও যোগাযোগ নম্বর জানিয়ে রাখতে অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রয়োজন হলে দূতাবাস তাৎক্ষণিক সহায়তা দিতে পারে। এর জন্য খোলা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।

বিবিসির খবরে বলা হয়েছে, ইতোমধ্যেই নিরাপত্তার কারণে তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের দূতাবাসের তত্ত্বাবধানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা ব্যক্তিগতভাবে শহর ছাড়তে সক্ষম, তাদেরও দ্রুত তেহরান ত্যাগের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

জানা গেছে, ইরানের উর্মিয়া শহর থেকে অন্তত ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে আর্মেনিয়ার সীমান্তে পৌঁছে দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রায় ৬০০ ভারতীয় শিক্ষার্থীকে তেহরান থেকে সরিয়ে কুম শহরে নেওয়া হয়েছে।

ইরানের আকাশপথ বন্ধ থাকায় বিমানযোগে প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না। তাই ভারতীয়দেরকে ইরান-সীমান্তবর্তী দেশ—আজারবাইজান, তুর্কমেনিস্তান ও আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ভারতে ফেরত পাঠানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে ছয় হাজারের মতো শিক্ষার্থী। পরিস্থিতির অবনতি হলে এই বিশাল সংখ্যক নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ এখন ভারতীয় দূতাবাস ও সরকারের সামনে।

This post was viewed: 46

আরো পড়ুন