ইরানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে, তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইরান ছাড়তে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি বার্তা জারি করেছে।
দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ ইসলাম মঙ্গলবার (১৭ জুন) এক ফেসবুক পোস্টে জানান, যেসব বাংলাদেশি বৈধভাবে ইরানে অবস্থান করছেন এবং দেশটি ছাড়তে চান, তারা যেন তাঁদের পাসপোর্টের কপি ই-মেইলে (walid.islam@mofa.gov.bd) পাঠান।
অবৈধভাবে অবস্থানরতদের উদ্দেশেও বার্তা দিয়েছেন তিনি। যাদের কাছে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (NID), সুরক্ষা সেবা বিভাগের চিঠি কিংবা নিজ এলাকার ইউএনও’র চিঠি রয়েছে, তারা এসব কাগজপত্র walidjob@gmail.com ই-মেইলে পাঠাতে পারবেন। তিনি আশ্বস্ত করেছেন, বৈধ-অবৈধ—সবার নিরাপদ প্রস্থানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি হটলাইন চালু করা হয়েছে। ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে অবস্থানরত তাঁদের আত্মীয়স্বজন নিম্নোক্ত নম্বরগুলোতে (হোয়াটসঅ্যাপসহ) যোগাযোগ করতে পারবেন:
-
বাংলাদেশ দূতাবাস, তেহরান: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫
-
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +৮৮০১৭১২০১২৮৪৭
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ইতিমধ্যে তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “ইরানে প্রায় ২,০০০ বাংলাদেশি নাগরিকের মধ্যে অনেকেই তেহরানের বাইরে চলে গেছেন এবং তুলনামূলকভাবে নিরাপদে রয়েছেন।”
উল্লেখযোগ্য যে, বাংলাদেশ দূতাবাস ভবনটি তেহরানে দুটি সংবেদনশীল স্থাপনার এক কিলোমিটারের মধ্যে অবস্থিত, ফলে ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় ৪০ জনকে নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সরকার প্রবাসী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।