Skip to main content

Ridge Bangla

ইরান চুক্তি মানতে ইসরায়েল বাধ্য থাকবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে। তার দাবি, এ বিষয়ে সব সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে।

রোববার (৭ জুন) ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সব সিদ্ধান্ত আমি নিচ্ছি। নেতানিয়াহু সিদ্ধান্ত নেয় না।”

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা এবং ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই ট্রাম্পের এই সাক্ষাৎকার প্রকাশিত হলো।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান নাজুক যুদ্ধবিরতির মধ্যেই প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়েছে। এতে বৈশ্বিক বাণিজ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগের সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। সে সময় যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতিতে সম্মত থাকার পরও লেবাননের বাফার জোন অতিক্রম করে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন। তবে এর পরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সোমবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ইরান ও ইসরায়েলকে ‘অবিলম্বে’ হামলা বন্ধের আহ্বান জানান ট্রাম্প। পরে আরেক পোস্টে তিনি বলেন, দুই দেশ একটি ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতি’র দিকে এগিয়ে যাচ্ছে।

ট্রাম্প আরও জানান, শান্তিচুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। তবে অজ্ঞতা বা অযোগ্যতা এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবরোধ বহাল থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

অন্যদিকে সোমবার ইরান জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েল আবারও ‘আগ্রাসন চালালে’ আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

This post was viewed: 24

আরো পড়ুন