Skip to main content

Ridge Bangla

ইরান ইস্যুতে সামরিক ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স ও ড্যান কেইন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বিস্তৃত হলে তার সম্ভাব্য পরিণতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তাঁরা সামরিক অভিযান আরও সম্প্রসারণের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে প্রায় দুই সপ্তাহ ধরে টানা রাতভর বিমান হামলার পর শুক্রবার রাতে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় সাময়িক বিরতি দেখা গেছে। পেন্টাগনের একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে।

সূত্রগুলোর দাবি, বৈঠকে জেনারেল ড্যান কেইন বিশেষভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত এবং যুদ্ধ আরও বিস্তৃত হলে সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে তুলে ধরেন।

তিনি জানান, প্রেসিডেন্ট নির্দেশ দিলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিদ্যমান সব সামরিক বিকল্প বাস্তবায়নে সক্ষম। তবে একই সঙ্গে সম্ভাব্য পরিণতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও দেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অস্ত্রের মজুত ছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এসব উদ্বেগই সামরিক অভিযানে বিরতি দেওয়ার মূল কারণ কি না, কিংবা এই বিরতি কতদিন চলবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ইতোমধ্যে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। এর পাশাপাশি টানা ১৩ দিন ধরে দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাঁর ভাষায়, এ পরিস্থিতিতে আলোচনার পথেই এগোনো ইরানের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে। অন্যথায় কী ঘটতে পারে, সে বিষয়ে তারা অবগত।

অন্যদিকে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক কমান্ডের অধীনে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে। একই সঙ্গে দেশের জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা ও অস্ত্রভান্ডারও বজায় রয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 5

আরো পড়ুন