ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
রোববার (১৯ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এদিকে অষ্টম দিনের মতো ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলায় দেশটির একাধিক দ্বীপসহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট স্থানে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তাসনিমের খবরে আরও বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে, দ্বীপটির একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে।