ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বুধবার (৩ জুন) মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি এ কথা জানান।
শুনানিতে চলমান সংঘাত ও পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনের অবস্থান জানতে চান আইনপ্রণেতারা। জবাবে রুবিও বলেন, ‘আমরা ইরানের সামরিক সক্ষমতা হ্রাস করার জন্য এর অভ্যন্তরে আর ধারাবাহিক হামলা চালাচ্ছি না, কারণ ‘অপারেশন এপিক ফিউরি’ এখন সমাপ্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন সামরিক পদক্ষেপ নিলে তা আর চলমান আক্রমণাত্মক অভিযানের অংশ হবে না, বরং কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে।’
রুবিও দাবি করেন, ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান নির্ধারিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে। তার মতে, অভিযানে ইরানের প্রতিরক্ষা-শিল্প ঘাঁটির বড় অংশ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ও ড্রোনের মজুত উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এলো। অঞ্চলটিতে মার্কিন সেনা উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে এখনো উত্তেজনা বিরাজ করছে।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।